
কলকাতা ও নয়াদিল্লি, ৫ জানুয়ারি : দিল্লির ঠাণ্ডা টেক্কা দিচ্ছে হিলালয়ের পাহাড়ি শহরগুলিকেও। দার্জিলিংয়ের থেকেও বেশি শীতল রাজধানী, টেক্কা দিচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল, দেহরাদূনকেও। বৃহস্পতিবার দেশের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। দিল্লির সফদরজংয়ে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা কমে ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, আবার লোধি রোডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৮ ডিগ্রি সেলসিয়াস, চলতি মরশুমে এই প্রথম এতটা তাপমাত্রা নামল দিল্লিতে।
বৃহস্পতিবার মরসুমের ‘শীতলতম দিন’ দেখেছে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরের মতো এলাকায় পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতেও। উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।
বৃহস্পতিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ঠাণ্ডায় দার্জিলিংয়ে এদিন হারিয়ে দিয়েছে দিল্লি। বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। উত্তুরে হাওয়ার দাপটে ধাপে ধাপে তাপমাত্রার পারদ পতন হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গের সর্বত্র। শীতের মরসুমে ঠাণ্ডা উপভোগ করতে দার্জিলিং এবং কালিম্পঙে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রির নীচে নেমেছে। বৃহস্পতিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সিকিমে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে। সাদা তুষারে ঢেকে গিয়েছে সিকিমের অধিকাংশ অঞ্চল।
