
কাটিহার, ১৬ অক্টোবর : বিহারে গঙ্গায় নৌকা ডুবে মৃত্যু হল৭ জনের।গঙ্গা ও তার এক উপনদীর সঙ্গমস্থলে নৌকাটি ডুবে গিয়েছে। রবিবার একথা জানিয়েছেন এক আধিকারিক।
কাটিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উজ্জয়ন মিশ্র জানিয়েছেন, নৌকাটিতে ১০ জন ছিলেন। তাঁরা সবাই কৃষিক্ষেত্রের মজুর। কাজ সেরে নৌকায় চড়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। শনিবার গভীর রাতে গঙ্গা ও বরন্দির সঙ্গমস্থলে তাঁদের নৌকা ডুবে যায়।
নৌকায় থাকা তিনজন সাঁতরে পাড়ে হলেও বাকি সাতজন নিখোঁজ ছিলেন।তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। সারারাত ধরে তল্লাশি চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।নিহতদের পরিবারপিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
