
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:একসময় ভারতের অর্থনীতিকে ‘ডেড ইকোনমি’ বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ট্রাম্পের মুখেই শোনা গেল ভারতের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা। তাঁর দাবি, সুদের হার তুলনামূলক কম থাকা সত্ত্বেও ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছেছে। এমনকি মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ককেও ভারতের কাছ থেকে শিক্ষা নিয়ে সুদের হার কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে হাতিয়ার করেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।
গত শুক্রবার হোয়াইট হাউস থেকে সাংবাদিক বৈঠক করার সময়, ভারতের আর্থিক বৃদ্ধির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ভারতের মতো সুদের হার কম হলে আমেরিকার জিডিপি ১৪, ১৫ এমনকী ২০ শতাংশ পর্যন্ত হতে পারত।” এরপরই ট্রাম্প বলেন, “ভারতের সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি ৭ শতাংশ বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যদি ভারতের মতো একই পন্থা অবলম্বন করে সেক্ষেত্রে আমাদের জিডিপি অনেক বেশি শক্তিশালী হবে।” সুদের হার বেশি রাখার জন্য মার্কিন ব্যাঙ্কের সমালোচনা করেন ট্রাম্প। বলেন, ‘আমেরিকার ব্যাঙ্ক রাজনৈতিক মদতপুষ্ট। আমরা দেশকে ধ্বংস করার জন্যই সুদের হার বাড়াই।’
ট্রাম্পের এই প্রশংসায় বিরোধী শিবিরের বিরুদ্ধে অস্ত্র হয়ে ওঠে শাসকদল বিজেপির কাছে। সোশাল মিডিয়ায় দেশের অর্থনীতির সমালোচক রাহুল গান্ধীকে তোপ দেগে বিজেপি নেতা আশিস সুদ লেখেন, ‘ট্রাম্পের এই স্বীকৃতি এটাই প্রমাণ করে গোটা বিশ্ব ভারতের এই আর্থিক বৃদ্ধিকে স্বীকৃতি দিচ্ছে। বিশ্ব যখন ভারতের উত্থানকে স্বীকার করছে, তখন রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের সাফল্যের দিকে চোখ বন্ধ করে রেখেছে। অন্ধের মতো বিরোধিতা করা হচ্ছে।’ বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও ভারতীয় অর্থনীতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। এটাই তার প্রমাণ।’উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে এই ট্রাম্পই ভারতকে ‘ডেড ইকোনমি’ বলেছিলেন। ভারতের বাণিজ্য নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন। সেই মন্তব্য থেকে এখন ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের প্রশংসা করলেন তিনি।
