
নয়াদিল্লি, ৭ জানুয়ারি : শীতের দিল্লি রীতিমতো টেক্কা দিচ্ছে শিমলা, মুসৌরি ও নৈনিতালকে। শনিবারও দেশের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। ঠান্ডায় দিল্লি এমনিতেই কাবু, শীতের দাপটে জমে যাচ্ছে রাজধানী। শনিবার দিল্লির সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। লোধি রোডে পারদ নেমে যায় ২.০ ডিগ্রিতে। কনকনে ঠান্ডার পাশাপাশি শনিবার সকালেও কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি। যার ফলে কমেছে দৃশ্যমানতা। তার প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও।
ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচলও। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ৩২টি ট্রেন দেরিতে চলেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে-পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, মালদা টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস প্রভৃতি। এছাড়াও দিল্লি বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, খারাপ আবহাওয়া ও সেই সম্পর্কিত কারণে দিল্লি বিমানবন্দর থেকে প্রায় ৩৪টি অভ্যন্তরীণ বিমান দেরিতে ছেড়েছে। পাশাপাশি বিভিন্ন গন্তব্য থেকে দিল্লি বিমানবন্দরে ১২টিরও বেশি বিমান বিলম্বে এসে পৌঁছেছে।ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টাও ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।
