
মুম্বই, ১ আগস্ট: ভারতের বিরুদ্ধে মঙ্গলবার শক্তিশালী টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের দলে রয়েছেন কয়েকজন টি-২০ স্পেশালিস্ট ক্রিকেটার, যাঁরা মেন ইন ব্লু-র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন। ৫ ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে ৩ আগস্ট থেকে। এই সিরিজের জন্য ৫ নামী ক্রিকেটারকে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। রোভম্যান পাওয়েলের নেতৃত্বে শিমরন হেটমায়ার এবং ওশানে থমাসের প্রত্যাবর্তন হয়েছে। ২৬ বছরের হেটমায়ার একবছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।
আর ওশানে থমাস ১৯ মাস পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবেন। এদিকে মেজর লিগ ক্রিকেটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নিকোলাস পুরান। এমআই নিউইয়র্ক টিমকে এমএলসির প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন করেছেন পুরান। ফাইনালে খেলেছেন বিধ্বংসী শতরানের ইনিংস। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফিরছেন তিনি। এছাড়া ওডিআই ক্যাপ্টেন শেই হোপ ফিরেছেন টি-২০ সিরিজে। এছাড়া টি ২০ সিরিজে ফিরেছেন জেসন হোল্ডার, ওডিয়ান স্মিথ, ওবেদ ম্যাককয়, জনসন চার্লস।
