
বারাণসী, ৯ জানুয়ারি : সোমবার সকালে হঠাৎ করে বারাণসীর সিগরায় অবস্থিত সম্পূর্নানন্দ স্পোর্টস স্টেডিয়ামের পেছনের দেওয়ালটি ধসে পড়ে। দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সময় দেওয়ালটি ধসে পড়ে, সেখানে যানবাহন ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এদিন সকালে স্টেডিয়ামের পিছনে দুই চাকার এবং চার চাকার গাড়ি পার্ক করে স্টেডিয়ামের ভেতরে হাঁটছিলেন কয়েকজন। সকালের দিকে ঘন কুয়াশা ও ঠাণ্ডার কারণে সড়কে যানবাহন চলাচল করেনি। এরই মধ্যে স্টেডিয়ামের পেছনের দেওয়াল হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুটি গাড়ি, ১০টি স্কুটি ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়াল ধসে পড়ার শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। হট্টগোল শুনে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজন জানান, দেওয়ালের কাছে বিপুল পরিমাণ স্টোন-চিপের বস্তা রাখা ছিল, যার প্রেসারে স্টেডিয়ামের দেওয়াল ধসে পড়তে পারে। গাফিলতিই এ ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, সিগরায় স্টেডিয়ামের স্পোর্টস কমপ্লেক্সে ক্রিকেট খেলোয়াড়দের জন্য আধুনিক ক্রিকেট গ্রাউন্ডের কাজ চলছে। সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছিলেন।
