
আহমেদাবাদ, ১৩ অক্টোবর : রাত পোহালেই মহারণ। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। এই ম্যাচের দিকে চেয়ে সারা বিশ্ব। কিন্তু আহমেদাবাদের হোটেল গুলিতে ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ নোটিশ। জুনের বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই আহমেদাবাদের হোটেলগুলোয় আগাম বুকিং করে রেখেছে ক্রিকেটপ্রেমীরা। এর ফলে নতুন করে যাঁরা আহমেদাবাদে এসেছেন তাঁরা আর হোটেলে থাকার জায়গা পাচ্ছেন না। হোটেলে জায়গা না পেয়ে দর্শকরা এখন অন্য পন্থা নিয়েছেন। আর তা হল হাসপাতালে ভর্তি। এর ফলে স্টেডিয়ামের কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা হাসপাতালগুলোয় এখন রোগী সেজে হাসপাতালে ভর্তি হচ্ছেন। কেউ করছেন শরীর চেকআপ। তাঁরা চাইছেন, পুরো শরীর চেকআপ করাতে। পুরো শরীর চেকআপ করাতে হলে সারা রাত হাসপাতালে থাকতে হবে। এর মাধ্যমে স্বাস্থ্যগত পরীক্ষা যেমন হচ্ছে, তেমনই হোটেলের চেয়ে কম খরচে থাকার ব্যবস্থাও হচ্ছে।
আহমেদাবাদের মেডিকেলে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার প্যাটেল সংবাদ মাধ্যমকে বলেছেন, এই ম্যাচ ঘিরে হোটেলের ঘর ভাড়া অনেক বেড়েছে। তার ফলে হাসপাতালে শরীর চেকআপ প্যাকেজের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এই মহারণ দেখতে আসা মানুষদের মধ্যে স্বাস্থ্য–পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট নিতে এবং হাসপাতালে থাকার ঘটনা চোখে পড়ছে।’
