
মুম্বই, ৫ জানুয়ারি : আজ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার ভারত। বৃহস্পতিবার পুনের এমসিএ স্টেডিয়ামে এই ম্যাচেও প্রথম ম্যাচের মত ভারতের মূল অস্ত্র হতে পারে শিবম মাভি-উমরান মালিক জুটি। তাঁদের দিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের ।
দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মুহূর্তে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দাপট দেখিয়েছিল শিবম মাভি-উমরান মালিক জুটি। চরিথ আসালঙ্কাদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেও বড় ফ্যাক্টর হতে পারে শিবম-উমরান জুটি। দাসুন শানাকাদের বিরুদ্ধে ২০২৩ সালের প্রথম টি-২০ ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় শিবম মাভির । অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে, ২২ রান দিয়ে মোট চার উইকেট তুলে নেন শিবম মাভি। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে প্রথম ম্যাচেই দাপট দেখিয়েছেন মাভি। ফলে ক্রিকেট মহল মনে করছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে সুযোগ পেলে ফের দাপট দেখানোর চেষ্টা করবেন মাভি।
টি-২০ ডেবিউ ম্যাচে মাভিকে যোগ্য সঙ্গ দেন ভারতের পেস সেনসেশন উমরান। জম্মু-কাশ্মীরের তারকা পেসার উমরান মালিক যখনই মাঠে নামেন গতির ঝড় তোলেন। মাঝে মধ্যে ভেঙে ফেলেন বেশ কিছু রেকর্ডও। যেমনটা তিনি করেছেন দাসুন শানাকাদের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে।ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচে চার ওভারের কোটায় মোট ২৭ রান দিয়ে দু'টি উইকেট তুলে নেন উমরান মালিক। তিনি নিজের স্পেলে ১৫৫ কিমি প্রতি ঘণ্টায় বল করেছেন।
প্রসঙ্গত, ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ (৩ জানুয়ারি) ম্যাচ হওয়ার আগে অবধি ভারতীয়দের মধ্যে দ্রুততম ডেলিভারির রেকর্ড ছিল জসপ্রীত বুমরার ঝুলিতে। এর আগে ১৫৩.৩৬ কিমি প্রতি ঘণ্টায় বল করার রেকর্ড গড়েছিলেন বুমরা। আপাতত বুমরা এখন নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে।
