
কলকাতা, ১৪ এপ্রিল : আজ ইডেনে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইয়ার হায়দ্রাবাদ। এবারের আইপিএলে দু''দলের শুরুটাই ছিল হতাশার। সানরাইজার্স হায়দরাবাদ প্রথম দু-ম্যাচ হেরেছিল। অবশ্য প্রথম ম্যাচে প্রোটিয়াদের সাহায্য পায়নি তারা। অধিনায়ক এইডেন মার্করাম যোগ দেন দ্বিতীয় ম্যাচ থেকে। তাতেও পার্থক্য হয়নি। কিন্তু গত ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সানরাইজার্স।
অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে হারলেও টানা দু-ম্যাচ জিতেছে। আজ নাইট রাইডার্স জিতলেই হবে জয়ের হ্যাটট্রিক। আজ ম্যাচের তারকা রিঙ্কু সিং। যদিও গতকাল খুব বেশিক্ষণ প্র্যাক্টিস করেননি নাইটদের এই নতুন তারকা। এ বারের আইপিএলে রিঙ্কু নিয়মিত সুযোগ পাচ্ছেন, সুযোগ কাজেও লাগাচ্ছেন। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শার্দূল ঠাকুর দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ভুললে চলবে না সেই ম্যাচে রিঙ্কুর অবদানও। আর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের জয়ের নায়ক তো আজ তিনিই। আজ সানরাইজার্সের বিরুদ্ধেও তাঁর কাছে কেকেআরের বাড়তি প্রত্যাশা থাকবেই। তবে
চিন্তার জায়গা দলের নির্ভরযোগ্য ব্যাটার আন্দ্রে রাসেলের অফ ফর্ম। যদিও সতীর্থ লকি ফার্গুসন মনে করেন না, রাসেল ফর্মে নেই । তার বিশ্বাস যেকোনো সময় ফর্মে ফিরবে রাসেল। লাকির মতে প্রস্তুতিতেও রাসেলকে দেখে বিচার করা যাবে না যে তিনি ফর্মে নেই। আজকের ম্যাচে রাসেলকে ভালো ফর্মে দেখার অপেক্ষায় কেকেআর সমর্থকরাও। প্রস্তুতির মাঝে ব্রায়ান লারার মতো কিংবদন্তির সঙ্গেও আলোচনা করতে দেখা গেছে রাসেলকে। এর কোনও প্রভাব আজকের ম্যাচের পড়ে কিনা তা দেখার।
আজকে নাইট স্কোয়াডে যোগ দিয়েছেন লিটন দাস এবং জেসন রয়। এরা দুজনেই দু-দিন টিমের সঙ্গে প্র্যাক্টিসও করেছেন। কিন্তু তাঁদের কীভাবে খেলানো হবে, সেটাই দেখার। লিটন কিংবা জেসনকে খেলাতে হলে কোনও এক বিদেশিকে বসাতে হবে। না হলে ওদের রিজার্ভ বেঞ্চে থাকতে হবে।
আজ সানরাইজার্স শিবিরে নজর থাকবে ১৩ কোটি টাকার হ্যারি ব্রুকের দিকে। যদিও এখনো পর্যন্ত আইপিএলে তেমন পারফর্ম করতে পারেননি ব্রুক। কে জানে, হয়তো আজই তিনি তাঁর ভালো ফর্মটা খুঁজে পাবেন ঐতিহাসিক ইডেনেই। তবে নাইটরা চাইবে তা যেন না হয়। তেমনই আজ কেকেআরের বড় কাঁটা হয়ে উঠতে পারেন রাহুল ত্রিপাঠি। কেকেআরের এই প্রাক্তনী সানরাইজার্সের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে এসেছেন।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৫ বার। আর হায়দরাবাদ জিতেছে ৮ বার।
