
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বার আইপিএল খেলতে গিয়ে চোট পান অনেক ভারতীয় ক্রিকেটার, ফলে দেশের হয়ে তাঁদের পাওয়া যায় না। সেটা যাতে না হয় তার জন্যই আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে এ বার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে নতুন নির্দেশিকা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছা করলেই যে কোনও ক্রিকেটারকে খেলানো যাবে না। তার জন্য মানতে হবে কিছু নিয়ম।
বিসিসিআই জানিয়েছে, যে সব ভারতীয় ক্রিকেটার বেশি চোটপ্রবণ তাঁদের দিকে নজর রাখতে হবে ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে। তারা ঠিক করবে, কোন ক্রিকেটারকে ক’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। দেশের হয়ে যাতে তাঁদের পাওয়া যায় তার জন্যই এ ভাবে বিশ্রাম দিয়ে দিয়ে খেলাতে হবে তাঁদের।
বোর্ডের বৈঠকে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিন্নী, সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। সেখানেই ভারতীয় ক্রিকেটারদের খেলার ধকল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিসিসিআইয়ের নজরে প্রধান চার জন ক্রিকেটার রয়েছেন। তাঁরা হলেন, যশপ্রীত বুমরা, দীপক চাহার, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। এই চার ক্রিকেটার বার বার চোট পাচ্ছেন। তার ফলে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সমস্যায় পড়েছে দল। সেটা যাতে না হয় তার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে বাড়তি দায়িত্ব দিয়েছে বোর্ড। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি গুলিকেও নজর রাখতে হবে নিজেদের দলের ক্রিকেটারদের উপর।
