
মেলবোর্ন, ২৮ অক্টোবর : বৃষ্টির চোখ রাঙানিতে ভেস্তে গেল চলতি টি-২০ বিশ্বকাপের শুক্রবারের দ্বিতীয় ম্যাচও । দিনের শুরুতে মাঠে নামা হল না আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। আর তারপর যে ম্যাচের দিকে নজর ছিল গোটা বিশ্বের, সেই অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের লড়াইও শেষমেশ বাতিল হল।
সকাল থেকেই মেলবোর্নে লাগাতার বৃষ্টি। এর মধ্যে আবার মাঝেমধ্য়ে মুশলধারে বৃষ্টিতে ব্যাহত জনজীবন। একই প্রভাব পড়ল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ২২ গজেও। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনওভাবেই ম্যাচ শুরু করা সম্ভব হল না। তাই বল গড়ানোর আগেই আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের ম্যাচের মত বাতিল ঘোষণা হল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচও । ফলে এক পয়েন্ট করে ভাগ করে নিল দুই দল।
অজিবাহিনীর বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে জয়ে ফেরার লক্ষ্যে বিশ্বকাপের ২২ গজে নামার প্রস্তুতি সেরেছিল ইংল্যান্ড। কিন্তু লাগাতার বৃষ্টিতে খেলা হওয়ার মত পরিস্থিতিই তৈরি হল না। এই ম্যাচ বাতিল হওয়ায় সেমিফাইনালে পৌঁছনো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াল অস্ট্রেলিয়ার কাছে। কারণ তিন ম্যাচে অ্যারন ফিঞ্চদের পয়েন্ট তিন। গ্রুপ একের চার নম্বরে তাঁরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় তাঁদের নেট রানরেটও অনেকটা কম।
এদিকে, এক ম্যাচ জেতায় এবং অন্যটি ভেস্তে যাওয়ায় ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে প্রথম গ্রুপের শীর্ষে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে তাদের পরই রয়েছে ইংল্যান্ড। একই পয়েন্ট তিন নম্বরে থাকা আয়ারল্যান্ডের। দু’ম্যাচের একটিতে জিতে দু’পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে শ্রীলঙ্কা।
