
সিডনি, ২০ আগস্ট:স্পেনের সালমা প্যারালুয়েলা নামটাই এখন বিশ্বকাপে ভয়ংকর। নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে গোল করে স্পেনকে ফাইনালে তুলেছেন তিনি। মাত্র ১৯ বছর বয়সী এই মেয়েটি যে কোনো প্রতিপক্ষের কাছে এক ত্রাসের নাম। আজকে ইংল্যান্ডের স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারেন এই সালমাই।
সালমা শুধু স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেননি, মহিলা বিশ্বকাপের টুর্নামেন্টে একটি দেশের হয়ে খেলতে নামা সবচেয়ে কম বয়স্ক খেলোয়াড়েরও।
তবে বার্সেলোনায় সাড়া জাগানো এই খেলোয়াড়টিকে প্রথম একাদশে সুযোগ দিচ্ছেন না কোচ। নেদারল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে দুবারই তাকে বদলি হিসেবে মাঠে নামিয়েছেন তিনি। আর এই সুযোগেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন। এমন দক্ষতা দেখে ফাইনালে হয়তো কোচ তাকে শুরুর একাদশেই নামাতে পারেন। আবার গত দুই ম্যাচের মতোই ফাইনালেও সালমাকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবেও ব্যবহার করতে পারেন স্পেনের কোচ।
বিশ্বকাপে নজর কাড়া এই সালমা নজর কেড়েছেন আরেক বিশ্বকাপে। সেটা ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। সেবার তার মাঠে দৌড়ানোর দুর্দান্ত গতি দেখে সতীর্থরা তাকে ‘উসাইন বোল্ট’ বলে ডাকতেন। কারণ তার গতির সামনে হার মানতো সব ডিফেন্সই। এর পেছনে একটা কারনও ছিল। তিনি যে একজন অ্যাথলেটিকসও ছিলেন। ২০১৯ সালে ইউরোপিয়ান ইয়ুথ সামার অলিম্পিকে ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জেতার রেকর্ডও রয়েছে তার। বিশ্বকাপের সময় এক সাক্ষাতকারে স্পেনের তারকা এই ফুটবলার বলেছেন, ‘ আমার এই সাফল্য এসেছে অ্যাথলেটিকসের জন্যই। কারন যখন আমি মাঠে বল নিয়ে দৌড়াই, তখন এটি আমি তা লক্ষ্য করেছি।’
