
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্ব জানে তাকে, তবে এই পরিচিতি লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে আজকের ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ভারত অধিনায়কের পুরনো দিনের কথা জানালেন তাঁর এক সময়ের সতীর্থ প্রজ্ঞান ওঝা।
একটি সাক্ষাৎকারে পুরনো দিনের কথা তুলে এনেছেন প্রজ্ঞান।সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘অনূর্ধ্ব-১৫ শিবিরে প্রথম রোহিতকে দেখি। সবাই বলত ও খুব প্রতিভাবান। মুম্বইয়ের ছেলেদের মতোই ছিল রোহিত। খুব বেশি কথা বলত না। কিন্তু খেলার সময় আগ্রাসী ব্যাটিং করত। তখনও জানতাম ও না ওর ভিতরে কতটা কষ্ট লুকিয়ে রাখা আছে।’’মুম্বই ও ভারতের হয়ে দীর্ঘ দিন একসঙ্গে খেলেছেন তাঁরা।
মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রোহিতের পক্ষে ক্রিকেটের সরঞ্জামের খরচ জোগানো সহজ ছিল না। প্রজ্ঞান বলেছেন, ‘‘রোহিত বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দিত। তার বদলে ও যে টাকা পেত সেটা খেলার জন্য খরচ করত। কিন্তু সব সময় ওর মুখে একটা হাসি লেগে থাকত। ভিতরে ভিতরে হয়তো সব জেদ পুষে রাখত রোহিত। সেটাই ওর ব্যাটিংয়ে দেখা যেত।’’
২০০৭ সালে ভারতের সাদা বলের ক্রিকেটে অভিষেক হয় রোহিতের। দলে জায়গা পাকা করতে অনেক সময় লেগেছে রোহিতের। কিন্তু যখন থেকে তিনি ওপেন করতে নামেন তখন থেকেই বদলে যায় তাঁর খেলা। তিনিই একমাত্র ব্যাটার যাঁর এক দিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান রয়েছে।
