দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমদাবাদে বিরাটের শতরান তাকে ম্যাচের শিরোপার সন্মান এনে দিয়েছে। এই ম্যাচে বিরাটের ১৮৬ রানের ইনিংস খেলার পর তার সহধর্মী অনুষ্কা নেটমাধ্যমে লেখেন, ‘‘অসুস্থতা নিয়েও এই মানসিকতা নিয়ে ব্যাটিং। ওকে দেখে আমি সব সময় উদ্বুদ্ধ হই।’’
অনুষ্কার এই কথার পরেই শুরু হয় জল্পনা। অনুরাগীদের প্রশ্ন, কী হয়েছে বিরাটের? সাংবাদিক বৈঠকে বিরাটের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হয় রোহিতকে। জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘নেটমাধ্যমে যা দেখবেন সেটাই বিশ্বাস করে নেবেন না। বিরাট অসুস্থ নয়। ওর সামান্য কাশি হয়েছে।’’
বিরাটের সঙ্গে প্রথম ইনিংসে শতরানের জুটি গড়েছিলেন অক্ষর পটেল। তাঁকেও ভারতের প্রাক্তন অধিনায়কের শরীর নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে অক্ষর বলেন, ‘‘বিরাটের অসুস্থতা নিয়ে কিছু জানি না। যে ভাবে ও উইকেটের মাঝে দৌড়চ্ছিল তাতে ওকে অসুস্থ বলে মনে হয়নি। ওই রকম রোদের মধ্যে যে ভাবে ও জুটি বেঁধেছে সেটা শারীরিক অসুস্থতা নিয়ে করা সম্ভব নয়।’’
বিরাটের স্বাস্থ্য নিয়ে অনুষ্কার কথা এবং রোহিত অক্ষরের কথায় বিস্তর ফারাক, তবে কী বিরাট কে আরো খানিক বেশী প্রশংসা পাইয়ে দিতে অনুস্কা এমন বক্তব্য রাখলেন?
আমদাবাদ টেস্ট ড্র হলেও অস্ট্রেলিয়াকে ২-১ সিরিজ় হারিয়েছে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছেন রোহিতরা। ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন তাঁরা।
