Game

3 years ago

Jhya Richardson: এবার ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন অজি তারকা রিচার্ডসন, আইপিএল অনিশ্চিত

Jhya Richardson
Jhya Richardson

 

নয়াদিল্লি, ৬ মার্চ : অজি শিবিরে চোটের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দল থেকে বাদ পড়া অব্যাহত । এবার একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার ঝাই রিচার্ডসন। রিচার্ডসনের বদলি হিসেবে ন্যাথন এলিসকে ভারত সফরে পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তিন ম্যাচের একদিনের সিরিজেই নয়, বরং রিচার্ডসনের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলাও চূড়ান্ত অনিশ্চিত দেখাচ্ছে।

বিগ ব্যাশ লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রিচার্ডসন। চোটের জন্য তিনি বিগ ব্যাশের ফাইনাল খেলতে পারেননি। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে হয়নি। যদিও বাস্তবে সেই চোটের জন্যই শেফিল্ড শিল্ড ও মার্শ কাপের কোনও ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। তা সত্ত্বেও রিচার্ডসনকে ভারত সফরের জন্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোডায়ে জায়গা করে দেন অজি নির্বাচকরা। গত উইকএন্ডে ক্লাব ক্রিকেটে মাঠে নেমে পুনরায় চোট পেয়ে বসেন রিচার্ডসন। ফলে ভারতে আসা হচ্ছে না তাঁর।

রিচার্ডসনের বদলি হিসেবে ন্যাথন এলিসকে ভারত সফরে পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এলিস এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মোটে ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ৩টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৫টি উইকেট নিয়েছেন তিনি। গতবছর এপ্রিলে পাকিস্তান সফরে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ান ডে খেলেন এলিস।

রিচার্ডসন অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট, ১৫টি ওয়ান ডে ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৫৭টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), সিয়ান অ্যাবট, অ্যাস্টন এগর, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জোশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও ন্যাথন এলিস।

You might also like!