
লন্ডন, ১২ মার্চ : আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে লিভারপুল শনিবার প্রিমিয়ার লিগে হেরে গেল বোর্নমাউথের কাছে। পুরো ম্যাচে দাপট দেখালেও কাজের কাজ করতে পারেনি অলরেডরা। উল্টে পেনাল্টি মিস করলেন দলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ফলে পরের মরসুমে চ্যাম্পিয়ানস লিগ খেলা অনিশ্চিত হয়ে পড়ল লিভারপুলের কাছে।
প্রিমিয়ার লিগে এদিন খেলতে নামার আগে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চমস্থানে ছিল ইয়ুর্গেন ক্লপের ছেলেরা। গত চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় আর একটি ম্যাচে ড্র করে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল অলরেডরা। তাছাড়া গত সপ্তাহেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্বপ্নের রাজ্যে ভেসে বেড়াচ্ছিলেন লিভারপুলের ছেলেরা। কিন্তু রক্ষণের দুর্বলতায় ডুবতে হলো অলরেডদের। শুরু থেকেই বোর্নমাউথের রক্ষণে একের পর এক আক্রমণ শানিয়েছিল মোহাম্মদ সালাহ, গাকপো, নুনিয়েজরা। যদিও তা প্রতিহত হয়। উল্টে ম্যাচের ২৮ মিনিটে আট গজ দূর থেকে আচমকা শট নিয়ে লিভারপুলের জাল কাঁপিয়ে দেন অরক্ষিত থাকা বোর্নমাউথ স্ট্রাইকার ফিলিপ বিলিং।
৬৮ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি শট নিতে যান দলের তারকা ও সেরা ফুটবলার মহম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে ১২৯ গোল করা মিশরের তারকা ফুটবলার এদিন শট নিতে গিয়ে পোস্টের অনেকটা বাইরে মেরে পেনাল্টি মিস করেন। তার পরে একাধিকবার গোল শোধের চেষ্টা চালিয়েছিল ইয়ুর্গেন ক্লপের ছেলেরা। কিন্তু কোনও লাভ হয়নি।
