
ভেনেজুয়েলা, ২ ফেব্রুয়ারি: কনমেবল প্রাক-অলিম্পিক বাছাইয়ের গ্রুপপর্বের শেষ ম্যাচ জিততে পারলো না ব্রাজিল। আগের তিনটি ম্যাচ জয়ের পর সেলেসাওরা গ্রুপপর্বের শেষ ম্যাচে হেরে গেল স্বাগতিক ভেনেজুয়েলার কাছে।
শুক্রবার, ২ ফেব্রুয়ারি ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ৩-১ গোলে হারিয়ে দিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার হয়ে জোড়া গোল করেন তেলাস্কো। একটি গোল হয়েছে আত্মঘাতী। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন আলেক্সান্ডার গোমেজ। এই জয়ের ফলে ভেনেজুয়েলা কনমেবল প্রাক-অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের টিকিট পেল।
দুই গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দলের চূড়ান্ত পর্বে যাওয়ার কথা। ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এই তিনটি দল চূড়ান্ত নিশ্চিত করেছে। বাকি ছিল ‘এ’ গ্রুপের রানার্স আপের টিকিট। শুক্রবার ভেনেজুয়েলা ব্রাজিলকে হারিয়ে শেষ দল হিসেবে অলিম্পিকে যাওয়া নিশ্চিত করল। চূড়ান্ত পর্বের ৪টি দল প্রত্যেকেই ৩টি করে ম্যাচ খেলবে। ৫ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এই দিনই মাঠে নামবে ব্রাজিল।
