Game

2 years ago

India vs WI : ঐতিহাসিক টেস্টে ধৈর্যের-পরীক্ষা দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ!

India vs WI  2nd Test (Collected)
India vs WI 2nd Test (Collected)

 

কুইন্সপার্কওভাল, ২৩ জুলাই : তৃতীয় দিনে কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজ ব‍্যাটাররা ধৈর্যের পরীক্ষা দেখাল। আর এই ধৈর্যের পরীক্ষায় কঠিন কাজটি করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ভারতের ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২২৯ রান তুলেছে। এখনো ২০৯ রানে পিছিয়ে। রানের গতি খুবই কম। কিন্তু রানের এই গতি রোহিতদের অস্বস্তি বাড়াচ্ছে। ভারতকে দিনের প্রথম সাফল্য দেন অভিষেককারী বাংলার মুকেশ কুমার। আর এক অভিষেককারি ওয়েস্ট ইন্ডিজের কার্ক ম্যাকেঞ্জিকে তিনি ফেরান। তবে ভারতীয় বোলিংকে চাপে ফেলা ব্রেথওয়েটকে ফেরান অশ্বিন। ২৩৫ বলে ৭৫ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের আর এক নির্ভরযোগ্য ব্যাটার জেরমাইন ব্ল্যাকউড ও দূর্দান্ত ডিফেন্স করেছেন। তাঁকে ফেরান রবীন্দ্র জাডেজা। এর জন্য কৃতিত্ব অবশ‍্যই পাবেন অজিঙ্ক রাহানে। এই আউটের পিছনে ছিল স্লিপে তার চোখ ধাঁধানো ক্যাচ। ৯২ বলে ২০ রান করেন ব্ল্যাকউড। কিপার ব্যাটার জোসুয়া ডিসিলভাকে বোল্ড করেন মহম্মদ সিরাজ। একশো ওভারের পর দ্বিতীয় নতুন বল নেন অধিনায়ক রোহিত শর্মা। নতুন বলে ভরসা দেন মুকেশ। কিন্তু কাজ হয় নি।

দিনের শেষেও ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়িয়েছে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা অ্যালিক আথানেজ ও অভিজ্ঞ জেসন হোল্ডার জুটি। ইতিমধ্যেই এই দুই জুটি দারুন ডিফেন্স করছেন। আথানেজ ১১১টি ডেলিভারি সামলে দিয়ে ৩৭ রানে ক্রিজে রয়েছেন। আর জেসন হোল্ডার ৩৯ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন। অবশ‍্য তৃতীয় দিন সমস্যা তৈরি করেছে বৃষ্টি। ঐতিহাসিক টেস্টে বাকি দু-দিন যদি বৃষ্টি তাড়া করে এবং ওয়েস্ট ইন্ডিজ ব‍্যাটাররা ধৈর্যের পরীক্ষা দেখায় তাহলে এই ঐতিহাসিক টেস্ট হয়তো ড্রয়ের দিকেই এগোবে।

You might also like!