
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডুরান্ডের শুরুতেই কার্যত বিস্ফোরণ ঘটাল সবুজ-মেরুন। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ আর্মিকে। এ বারের প্রতিযোগিতায় তরুণ দল নামিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। সিনিয়র দলের মাত্র তিন জন ফুটবলার রয়েছেন। অন্য দিকে বাংলাদেশ আর্মি দলে সে দেশের জাতীয় দলে খেলা ফুটবলারেরা ছিলেন। তাঁদের যেন নাগপাশে বন্দি করে ফেললেন মোহনবাগানের তরুণরা।
রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের কোচিংয়ে এই ম্যাচ খেলল মোহনবাগান। কিন্তু মাঠে নেমে বাস্তবের ছেলেরা পদ্মাপাড়ের সেনাদের কার্যত পিষে দিল। জ্বলে উঠলেন লিস্টন কোলাসো, মনবীর সিং, লালরিনলিয়ানা হামতে ও কিয়ান নাসিরিরা।
