
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুটবল জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন ফরাসি ফুটবলার জাস্ট ফন্টেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ফ্রান্সের জার্সিতে মাত্র ২১টি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। ২১টি ম্যাচে ৩০টি গোল করেছিলেন তিনি । তবে চোট আঘাতের কারণে দীর্ঘায়িত হয়নি ফন্টেনের ফুটবল জীবন। মাত্র ২৮ বছর বয়সেই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানান।
১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ফন্টেন। মাত্র ৬ ম্যাচে করেছিলেন ১৩ টি গোল।১৯৫৮ সালের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের জন্য ২০১৪ সালের বিশ্বকাপে তাঁকে 'গোল্ডেন বুট' সম্মান দেওয়া হয়েছিল।
ক্লাব ফুটবলে খেলা শুরু করেছিলেন ইউএসএম ক্যাসাব্লাঙ্কায়। ৪৮টি ম্যাচে করেছিলেন ৬২টি গোল । এরপর তিনি নিসের হয়ে ৬৯টি ম্যাচে ৪২টি গোল করেছিলেন।
১৯৫৬ সালে যোগ দেন রেইমসে। এই ক্লাবের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ। আর করেছিলেন ১২২টি গোল। ফুটবলকে বিদায় জানানোর পর দীর্ঘদিন ফুটবল প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মেসির বর্তমান ক্লাব পিএসজির হয়ে ১৯৭৩-১৯৭৬ সাল অবধি কোচিং করিয়েছেন তিনি। কিংবদন্তির প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেছেন পিএসজি।
