
চট্টগ্রাম, ১০ ডিসেম্বর : নিজের প্রথম এক দিনের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করে নজির গড়লেন ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ । সেই সঙ্গে চতুর্থ ভারতীয় হিসেবে সচিন তেন্ডুলকর-রোহিত শর্মা-বীরেন্দ্র শাহবাগদের সঙ্গে একই এলিট গ্রুপে জায়গা করে নিলেন । পাশাপাশি এক দিনের ক্রিকেটে সব থেকে কম বলে দ্বিশতরান করার বিশ্বরেকর্ডও গড়লেন ইশান।
শনিবার চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পাওয়ায় কারণে রোহিত শর্মা তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। যার ফলে সাকিব আল হাসানদের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে সুযোগ পান ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঈশান। দেশের হয়ে এর আগে মোট ৯টি একদিনের ম্যাচে খেলেছিলেন ঈশান। আজ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০ নম্বর এক দিনের ম্যাচে খেলার সুযোগ পেয়ে, সেটা কাজে লাগাতে ভুল করেননি ঈশান। ২৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। এক দিনের ক্রিকেটে এটাই দ্রুততম দ্বিশতরান। ঈশান ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের রেকর্ড। এর আগে গেইল ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেটাই এত দিন ছিল এক দিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এ বার সেই রেকর্ড চলে এল ঈশানের ঝুলিতে।
ডাবল সেঞ্চুরি করার পর খুব বেশিক্ষণ আর ক্রিজে থাকতে পারেননি ঈশান। শেষ অবধি ২১০ রান করে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ২৯০ রানের পার্টনারশিপ গড়েন ঈশান কিষাণ।
উল্লেখ্য, বাংলাদেশ সফরে গিয়ে তিন ম্যাচের এক দিনের সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ভারতের। যার মধ্যে, তিন ম্যাচের এক দিনের সিরিজ ইতিমধ্যেই হাত ছাড়া হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছেন সাকিবরা।
