Game

3 years ago

India Vs Sri Lanka 2023 : ইডেনে শ্রীলঙ্কাকে হারিয়ে এক দিনের সিরিজ জয় ভারতের

India Vs Sri Lanka 2023
India Vs Sri Lanka 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গুয়াহাটিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে ভুগতে হয়েছিল। তাই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ভেবেছিলেন, ইডেনে প্রথমে ব্যাট করে ভারতকে চাপে ফেলে দেবেন। কিন্তু তিনি জানতেন না, ভারতীয় দলে কুলদীপ রয়েছেন।যার ভেলকিতে মাত্র ২১৫ রানে ইতি পড়ল টিম শ্রীলঙ্কার ইনিংসের। শুরুটা ভাল করেও মাঝের ওভার পর পর উইকেট পড়ল।নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে নুয়ানিদু ফার্নান্ডো যথেষ্ট পরিণত ব্যাটিং শুরু করেন। সাবলীল দেখাচ্ছিল তাঁকে। দলের অপর ওপেনার আবিষ্কা ফার্নান্ডোও ভাল খেলছিলেন। কিন্তু পাওয়ার প্লে-তে আবার নিজের হাতের জাদু দেখালেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেটের জন্য ভাল জুটি বাঁধেন নুয়ানিদু ও কুশল মেন্ডিস। পেসাররা তাঁদের সমস্যায় ফেলতে পারছিলেন না। হার্দিক পাণ্ড্য ও উমরান মালিকের গতি ব্যবহার করে রান করতে থাকেন তাঁরা। নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতরান করেন নুয়ানিদু। 

পেসাররা উইকেট তুলতে না পারায় কুলদীপের হাতে বল তুলে দেন রোহিত। নিজের প্রথম ওভারে মেন্ডিসকে ৩৪ রানের মাথায় আউট করেন কুলদীপ। পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকে সাজঘরে ফেরান অক্ষর পটেল। শ্রীলঙ্কার ইনিংসকে বড় ধাক্কা দেন শুভমন গিল। তাঁর থ্রোয়ে ৫০ রান করে রান আউট হন নুয়ানিদু।শ্রীলঙ্কার বড় ভরসা ছিলেন অধিনায়ক শনাকা। কিন্তু এই ম্যাচে ভাল খেলতে পারলেন না তিনি। কুলদীপের বল উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হলেন তিনি। ওয়ানিন্দু হাসরঙ্গ কয়েকটি বড় শট খেললেও ২১ রান করে সাজঘরে ফিরলেন। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়ছিল শ্রীলঙ্কার। ফলত লঙ্কার ব্যাটাররা কেউ ই জুটি বেঁধে বড় রানের ইনিংস ফেলতে পারলেন না।  

দেখে মনে হচ্ছিল, ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার করা ২১৫ রান সহজেই তাড়া করে নেবে ভারত। কিন্তু ব্যর্থ ভারতের টপ অর্ডার। পছন্দের ইডেনে বিরাট কোহলি, রোহিত শর্মা দু’জনেই রান পেলেন না। পাওয়ার প্লে-র মধ্যেই ভারতের ৩ উইকেট পড়ে যায়। ফলে রান তাড়া করতে নেমে একটু চাপে পড়ে যায় ভারত। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন। তাড়াহুড়ো করছিলেন না তাঁরা। খারাপ বলের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসেও পেসারদের সাহায্য করছিল ইডেনের পিচ। সুইং করছিল। কোনও বল লাফাচ্ছিল। 

ভারতকে প্রথম ধাক্কা দিলেন করুণারত্নে। ১৭ রানের মাথায় রোহিতকে আউট করলেন তিনি। তার পরে খেলার গতির বিপরীতে আউট হলেন অপর ওপেনার শুভমন। লাহিরু কুমারাকে পর পর দু’টি চার মেরে তৃতীয় চার মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। তবে তখনও কুমারার চমক বাকি ছিল। তাঁর ভিতরের দিকে ঢুকে আসা বল বুঝতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন কোহলি। মাত্র ৪ রান করলেন তিনি।

৪ উইকেট পড়ে যাওয়ার পরে জুটি বাঁধেন রাহুল ও হার্দিক। ধীরে ধীরে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। জরুরি রান কম থাকায় খুব একটা সমস্যা হচ্ছিল না। প্রতি ওভারে রানের গতি কম থাকলেও ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছিল ভারত। কিন্তু ৩৬ রানের মাথায় হার্দিক আউট হয়ে গেলে আবার চাপে পড়ে যায় ভারত। দলকে জেতানোর ভার পুরো এসে পড়ে রাহুলের উপর।দায়িত্ব নিয়ে খেললেন রাহুল। প্রথমে অক্ষর ও পরে কুলদীপকে নিয়ে ঠান্ডা মাথায় দলকে জয়ের দিকে নিয়ে গেলেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে গেল ভারত। রাহুল ১০৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকলেন।  

 আজকের ম্যাচে জয়ের ফলে ২-০-এ সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। তিরু‌অনন্তপুরমে সিরিজেরর শেষ ম্যাচে খেলতে নামবে দু’দল। নিয়মরক্ষার সেই ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চের প্রস্তুতি দেখে নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের কাছে। 

You might also like!