
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : স্পেন পর্ব শেষ করে এবার লক্ষ্য ইংল্যান্ড। আজ ভারত জিতলেই হকি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের টিকিট যেমন নিশ্চিত হবে, অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি।
গ্রুপ লিগের শেষ ম্যাচ ওয়েলসের সঙ্গে। যারা গ্রুপ পর্বের খেলায় সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত। তাই ইংল্যান্ডকে আজ হারাতে মরিয়া ভারত।
গতবছর কমনওয়েলথ গেমসে ইংল্যান্ড-ভারত খেলাটি শেষ হয় ৪-৪ গোলে। পরে প্রো লিগে প্রথম ম্যাচে দু’টি দল ৩-৩ গোলে খেলা শেষ করেছিল। দ্বিতীয় সাক্ষাতে ভারত ৪-৩ গোলে জিতে যায়।
তবে এও ভুলে গেলে চলবে না, ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড প্রতিটি কোয়ার্টারে যেমন গোল করেছে, তেমন প্রথম ম্যাচে তাদের খেলায় জড়তা ছিল না। ভারতের কাছে আরও সমস্যা হল, পেনাল্টি কর্নার থেকে সেভাবে গোলের সন্ধান না পাওয়া। ছ’টা পেনাল্টি কর্নার থেকে মাত্র একটা গোল পায় ভারত। হরমনপ্রীত সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রচুর গোল করেছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় থেকেছেন। সেই হরমনপ্রীত শুক্রবার স্পেনের বিপক্ষে খুব একটা সুবিধে করতে পারেননি। তবে স্পেন ম্যাচ উতরে গেলেও ইংল্যান্ডের বিপক্ষে এমন গোল নষ্টের প্রদর্শনী দেখালে তার খেসারত দিতে হতে পারে।
