
লন্ডন, ৭ জুন : ওভালের মাঠ ব্যাটিং সহায়ক পিচ, ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট স্পিন হয়। ফাইনালের আগে পিচের ছবি প্রকাশ্য এসেছে। পিচের যে ছবি টুইট করেছেন দীনেশ কার্তিক, আর তা ব্যাটারদের ভয় ধরানোর জন্য যথেষ্ট। উইকেটে সবুজ ঘাস স্পষ্ট। যা দেখে অনুমান, ওভালের উইকেট ব্যাটারদের জন্য ত্রাস হয়ে উঠবে। যথেষ্ট সাহায্য পাবেন বোলাররা।
পিচের এই ছবি দেখে নেটিজেনরা নাম দিয়েছেন ‘গ্রিন গার্ডেন’ অর্থাৎ সবুজ বাগান। পিচ ছাড়া মাঠে বড় বড় ঘাস রয়েছে। তবে শোনা যাচ্ছে, ফাইনাল শুরু হওয়ার আগে ঘাস কেটে ফেলা হতে পারে। আবার নাও হতে পারে। আপাতত শিরোনামে ওভালের পিচ। যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে বলা যেতে পারে,ব্যাটারদের জন্য সুখবর নয়। পেসাররা নিজেদের সেরাটা উজাড় করে দিলে ব্যাটারদের কাজ কঠিন হয়ে পড়বে। এদিকে আবহাওয়াও পেসারদের বাড়তি সুবিধা দিতে পারে।
ভারতীয় দলের চিন্তা মিচেল স্টার্ককে নিয়ে। অজিদের বিশ্বমানের বোলিং আক্রমণ সামাল দেওয়া এখন রোহিতদের কাছে বড় চ্যালেঞ্জ। রোহিত শর্মা বলেছেন, 'ইংল্যান্ডে রান তোলা সহজ নয়। একজন ব্যাটার হিসেবে বলতে পারি আপনি কখনওই এখানে রিল্যাক্স মুডে থাকতে পারবেন না।' বিশেষজ্ঞদের ধারণা ওভালের ফাইনাল হতে চলেছে ভারতীয় ব্যাটিং বনাম অস্ট্রেলিয়া পেস বোলিংয়ের। ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গিয়েছেন জস হ্যাজেলউড। তাতে খুব একটা ফারাক পড়বে বলে মনে হয় না। কারণ মিচের স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ডরা ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নিতে প্রস্তুত।
ভারতের একাদশ কেমন হতে পারে ? রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত, মহম্মদ সামি, মহম্মদ সিরাজকে একাদশে নিশ্চিত বলে ধরা হচ্ছে। বাকি তিনটি স্থান নিয়ে হবে লড়াই। দুই স্পিনারে খেলা হবে নাকি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার মধ্যে একজনকে খেলিয়ে উমেশ যাদব ও শার্দূল ঠাকুরকে সুযোগ দেওয়া হবে তা ম্যাচের আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
