
কলকাতা, ১৫ অক্টোবর : আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছে রোহিত ব্রিগেড। ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভারতীয় ক্রিকেট দলকে রাজভবনে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে, নিজে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আনন্দ বোস ফোন করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য। তিনি ভারতীয় দলকে রাজভবনে আসার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রেমী মানুষের হয়ে এই আমন্ত্রণ জানিয়েছেন তিনি।” পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
