
লন্ডন, ১৯ জুন : অ্যাশেজের প্রথম টেস্টে নাটকীয়ভাবে প্রথম দিনেই ইংল্যান্ড ৮/ ৩৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। যা ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে খুব কমই দেখা গেছে। অনেকেই ভেবেছিলেন, এত তাড়াতাড়ি ইনিংস ঘোষণা সঠিক সিদ্ধান্ত ছিল না। কিন্তু জবাবে প্রথম ইনিংসে ৩৮৬ রান তুলে অল-আউট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের লিড হয়েছে মাত্র ৭ রানের। ম্যাচের এই পর্যায়ে দাঁড়িয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা- সেটা বলার সময় হয়নি। তবে মাত্র ৭ রানে এগিয়ে থেকে কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে।
দ্বিতীয় সেশনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিক ইংল্যান্ড তুলেছে ২ /২৮ রান। তাদের হারাতে হয়েছে জ্যাক ক্রলি (৭) এবং বেন ডাকেটের (১৯) উইকেট। অজিদের প্রথম ইনিংসে উসমান খাজার ১৪১ রানের ইনিংসটাই অজিদের ভিত গড়ে দেয়। ওপেনার ডেভিড ওয়ার্নার যথারীতি ব্যর্থ- মাত্র ৯ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়ে যান। ‘টেস্ট স্পেশালিস্ট’ মানার্স লাবুশানে ‘গোল্ডেন ডাক’ মারেন। অজিদের হয়ে দুটি ফিফটি এসেছে ট্রাভিস হেড (৫০) এবং অ্যালেক্স ক্যারির (৬৬) ব্যাট থেকে। শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স ৩৮ রান না করলে অজিরা আরও পিছিয়েই থাকত।
