
ভুবনেশ্বর, ৭ জানুয়ারি : মাস দেড়েক আগে ওডিশা এফসির কাছে হার মানতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ২ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল খেয়ে ম্যাচ হারা, তাও আবার ঘরের মাঠে। শনিবার ফের ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। আইএসএলে দুই প্রতিবেশী রাজ্যের দুই দলের মুখোমুখি হওয়া মানেই গোলের বন্যা। তবে সেই কথা মাথায় রাখছেন না কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।
তাঁর মতে, “ওই ম্যাচের পর এক-দেড় মাস কেটে গিয়েছে। এখন আর ওই ম্যাচ নিয়ে ভেবে লাভ নেই। শুধু ওডিশা ম্যাচই নয়, অনেক ম্যাচেই আমরা ভুল করছি। লিগে যত ভুল করার কথা, তার থেকে বেশি ভুলই করছি আমরা। আমরা নতুন দল ঠিকই, তবে এতটাও নতুন নয় যে এমন সব ভুল করব। আরও কয়েকটা ম্যাচে পয়েন্ট পাওয়া উচিত ছিল। ব্যক্তিগত ভুলে পয়েন্ট হাতছাড়া হয়েছে।”
