
কলকাতা, ১৬ সেপ্টেম্বর : জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডি. টি. আও ট্রফির গ্রুপ লিগে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে অনুষ্ঠিত ম্যাচে মহারাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল বাংলার মহিলা ক্রীড়াবিদরা।
এদিকে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলা। খেলা শুরুর মাত্র দু’মিনিটের মধ্যেই মালতী মুন্ডার গোলে এগিয়ে যায় বাংলা। তবে সেই গোলের রেশ কাটতে না কাটতেই পরের মিনিটেই হর্ষিতা সিংয়ের গোলে সমতা ফেরায় মহারাষ্ট্র। প্রথমার্ধে এরপর আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় বাংলা। ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দিয়া বিশ্বাস। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাংলার হাতে চলে আসে। ৭৩ মিনিটে সঙ্গীতা পাল গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। ম্যাচ শেষ হওয়ার আগেই ফের গোলের দেখা পায় বাংলা। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন দিয়া। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা।
