
কলকাতা, ৮ আগস্ট : এশিয়া কাপ ক্রিকেটের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ৩১আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এশিয়া মহাদেশের সেরা দলগুলোকে নিয়ে হয় এই টুর্নামেন্ট। এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হল ভারত-পাকিস্তানের ম্যাচ। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান এবং শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচের মধ্যেও আছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বলা যেতে পারে এক মাস ধরে এশিয়া কাপে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
এশিয়া কাপে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে তাদের সেরা প্রাপ্তি বলতে তিনবার ফাইনালে ওঠা। বাংলাদেশ ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে মোট তিনবার এশিয়া কাপের ফাইনালে ওঠে। তবে তিনবারই খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। বাংলাদেশ প্রথমবার ফাইনালে হারে পাকিস্তানের কাছে। শেষ ২ বার তারা হার মানে টিম ইন্ডিয়ার কাছে।
