
কলকাতা, ৫ মার্চ : সেমিফাইনালে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। যাকে প্রায় সবাই শিরোপা জয়ী হিসেবে দেখছিলেন সেই প্রোটিয়ারা সেমিফাইনালে পাত্তাই পেল না। প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফিন অ্যালেনের দ্রুততম সেঞ্চুরিতে ফাইনাল নিশ্চিত করলো নিউ জিল্যান্ড। ইডেন গার্ডেন্সে বুধবার (৪ মার্চ) ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ঝড়ে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় পেল কিউইরা। সেইফার্ট ফিফটি করে আউট হলেও ১০০ রানে অপরাজিত ছিলেন অ্যালেন। মাত্র ৩৩ বলে ১০ চার ও ৮ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন প্রাক্তন ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে লড়াই করতে পারে নি দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারের ব্যর্থতায় ৭৭ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। শেষদিকে প্রতিরোধ গড়ে তুলে প্রোটিয়াদের সংগ্রহ দেড়শ পার করার পেছনে কৃতিত্ব দেখান মার্কো ইয়ানসেন। ৩০ বলে ৫ ছক্কা ও ২ চারের মারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ২৭ বলে ৩৪ আর ট্রিস্তান স্টাবস ২৪ বলে ২৯ রান করেন। কিউইদের হয়ে এদিন প্রায় সব বোলারই সফল ছিলেন। ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি ও রাচিন রবীন্দ্র। ২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। আগামী ৮ মার্চ ফাইনালে নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ হবে বৃহস্পতিবার (৫ মার্চ ) দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের মধ্যকার জয়ী দল। মুম্বইয়ে হবে ম্যাচটি।
