
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা যেন তাঁর নিত্যসঙ্গী। তবে এবার কোনও রাজনৈতিক বা ব্যক্তিগত মন্তব্য নয়, বরং কর্মজীবী মায়েদের বাস্তব সমস্যাকে সামনে এনে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। তাঁর আসন্ন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’-র প্রচারে অংশ নিয়ে কর্মক্ষেত্রে শিশুদের জন্য উপযুক্ত পরিকাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন তিনি। ছবির প্রচার উপলক্ষে আয়োজিত এক সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী স্মিতা তাম্বে ও গিরিজা ওকের সঙ্গে উপস্থিত ছিলেন কঙ্গনা। আলোচনার মাঝেই উঠে আসে শুটিং ফ্লোরের এক পরিচিত কিন্তু উপেক্ষিত বাস্তবতা। কঙ্গনা জানান, শুটিং চলাকালীন স্মিতা তাম্বের ছোট মেয়ে প্রায়ই সেটে আসত। শুধু তাই নয়, ইউনিটের আরও কয়েকজন সদস্যের সন্তানও সেই সময় সেটেই থাকত।
নিজের অভিজ্ঞতা ভাগ করে স্মিতা বলেন,ক্যামেরার সামনে শট দেওয়ার সময়ও তাঁর মনের ভেতরে সারাক্ষণ একটাই চিন্তা চলত, "মেয়ে ঠিক সময়ে ঘুমালো তো?" সহকর্মীদের সহযোগিতায় সেটে বাচ্চারা নিরাপদ থাকলেও, এই পুরো বিষয়টি কঙ্গনাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তাঁর কথায়, "আমরা কাজের জায়গায় প্রার্থনাকক্ষ বা অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে এত কথা বলি, কিন্তু শিশুদের জন্য কোনও নির্দিষ্ট ঘর বা প্লে-রুম থাকে না কেন?" এই প্রেক্ষাপটে কঙ্গনার বক্তব্য, শুধুমাত্র মুখে 'নারী ক্ষমতায়ন' বা 'মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ' বাড়ানোর কথা বললেই হবে না, তার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। বিনোদন জগতের গ্ল্যামারের আড়ালে থাকা কঠিন বাস্তবকে সামনে এনে কঙ্গনা বলেন, "দেশের যোগ্য ও প্রতিভাবান নারীরা যখন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরতে চান, তখন অফিসে ডে-কেয়ার বা ক্রেশের ব্যবস্থা না থাকায় তাঁরা কেরিয়ার ও পরিবারের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বাধ্য হন।"

কঙ্গনা মনে করিয়ে দেন, সরকার এখন সংরক্ষণের মাধ্যমে নারীদের কর্মক্ষেত্রে যোগ দিতে উৎসাহিত করছে। কিন্তু কাজের জায়গায় যদি মায়েরা তাঁদের সন্তানদের নিরাপদে রাখার জায়গা না পান, তবে এই পরিকল্পনা সফল হওয়া অসম্ভব। সহ-অভিনেত্রী গিরিজাও কঙ্গনার সুরে সুর মিলিয়ে বলেন, সন্তানসহ কর্মক্ষেত্রে আসার সুযোগ কোনও বিশেষ সুবিধা নয়, বরং কর্মজীবী মায়েদের ন্যায্য অধিকার হিসেবে দেখা উচিত। উল্লেখ্য, আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে থ্রিলারধর্মী ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার সময় কামা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাহসিকতার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। সেই ছবির প্রচারের মঞ্চ থেকেই নারীদের কর্মজীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিলেন কঙ্গনা রানাওয়াত।
