
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই দর্শকমহলে তুমুল আগ্রহ তৈরি করেছে দক্ষিণী সুপারস্টার রাম চরণের বহুল প্রতীক্ষিত ছবি ‘পেড্ডি’। পরিচালক বুচি বাবু সেনার এই মেগা বাজেটের সিনেমা ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে, আর প্রচারপর্বেও ভক্তদের উন্মাদনা নজর কেড়েছে। তবে সিনেমা হলে মুক্তির আগেই সামনে এসেছে ছবিটির ডিজিটাল রিলিজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রের খবর, ‘পেড্ডি’-র ওটিটি স্বত্ব ইতিমধ্যেই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কাছে বিক্রি করা হয়েছে। ফলে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর দর্শকরা ঘরে বসেই ছবিটি উপভোগ করার সুযোগ পাবেন।
যদিও ওটিটি মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত বড় বাজেটের সিনেমাগুলি থিয়েটারে মুক্তির প্রায় তিন মাস পর ডিজিটাল প্ল্যাটফর্মে আসে। তবে ছবিটি যদি বক্স অফিসে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পায়, তাহলে ওটিটি মুক্তি আরও কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রায় ৩০০ কোটি টাকার ব্যয়ে নির্মিত এই ছবিতে রাম চরণের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, বিজয় সেতুপতি, দিবেন্দু শর্মা, জগপতি বাবু এবং বোমন ইরানির মতো তারকারা। ছবির কাহিনিতে রাম চরণকে দেখা যাবে এক প্রতিভাবান যুবকের চরিত্রে, যিনি বিভিন্ন খেলাধুলায় অসাধারণ দক্ষতা অর্জন করেছেন এবং নিজের গ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।

‘আরআরআর’-এর সাফল্যের পর রাম চরণের জনপ্রিয়তা আন্তর্জাতিক স্তরেও বেড়েছে। সেই কারণে ‘পেড্ডি’ ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। মূলত তেলুগু ভাষায় নির্মিত হলেও ছবিটি হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে। অ্যাকশন ও আবেগে ভরপুর এই সিনেমা বক্স অফিসে বড়সড় সাফল্য পাবে বলেই আশা করছেন নির্মাতারা। এখন দেখার, মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে রাম চরণের এই নতুন ছবি।
