
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গায়িকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী এবং তাঁর স্বামী প্রবাহ নন্দীর বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এবার নতুন আইনি মোড় নিল। স্বামীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছেন দেবলীনা। পাশাপাশি, প্রবাহ বিদেশে চলে যাওয়ার আশঙ্কার কথাও আদালতের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন গায়িকার আইনজীবী।
চলতি বছরের শুরুতে আত্মহত্যার চেষ্টার ঘটনায় আলোচনায় উঠে এসেছিলেন দেবলীনা। সেই সময় থেকেই তাঁদের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। দীর্ঘদিন এই বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রবাহ নন্দী। তাঁর দাবি, বিবাহিত জীবনে অশান্তির অন্যতম কারণ ছিলেন দেবলীনার মা। বিয়ের আগের সময় থেকে শুরু করে বিয়ের পরও তিনি তাঁদের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করতেন বলে অভিযোগ করেন প্রবাহ। তাঁর কথায়, এই পরিস্থিতির প্রভাব পড়েছিল তাঁদের সম্পর্কের উপর।

অন্যদিকে দেবলীনার পক্ষ থেকে অভিযোগের মাত্রা আরও গুরুতর। গায়িকার আইনজীবীর দাবি, “ওনার উপর নানারকম অত্যাচার করা হয়েছে। হানিমুনে গিয়েও মারধর করা হয়েছে। ৬ তলার ব্যালকনি থেকে ফেলে খুনের চেষ্টা করা হয়েছে একাধিকবার। এসব নিয়ে আগেই মামলা করা হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে দেবলীনার একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে তাঁকে হেয় করার চেষ্টা করা হয়েছে। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে নতুন করে মামলা করা হয়েছে। প্রবাহ বিদেশে চলে যেতে পারেন, সেই কারণে পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন জানানো হয়েছে।”
এছাড়া প্রবাহের পেশাগত দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন দেবলীনার আইনজীবী। তাঁর দাবি, প্রবাহের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ রয়েছে এবং বিষয়টি তাঁর কর্মস্থলকেও জানানো হতে পারে। যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও তোলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পুলিশের উপস্থিতিতে চন্দননগরের শ্বশুরবাড়ি থেকে নিজের ব্যক্তিগত সামগ্রী ফিরিয়ে এনেছেন দেবলীনা। দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও এখনও আইনত তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি বলেই জানা গিয়েছে। ফলে এই দাম্পত্য বিবাদের আইনি লড়াই আগামী দিনে আরও জটিল আকার নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
