Entertainment

1 hour ago

Kangana Reacts: রাজ্যপালের ‘রান্না শেখা উচিত’ মন্তব্যে বিতর্ক, পাশে দাঁড়িয়ে কঙ্গনার বার্তা— ‘নারীর সহজাত শক্তিকেই সম্মান করুন’

Kangana Ranaut on UP Governor Anandiben Patel’s
Kangana Ranaut on UP Governor Anandiben Patel’s

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের একটি বক্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কানপুরের ছত্রপতি শাহু জি মহারাজ বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আপনি আইএএস অফিসার বা শিক্ষক যাই হন না কেন তার আগে একজন দক্ষ মা হয়ে উঠা জরুরি। প্রত্যেকেরই রান্না জানা উচিত।” রাজ্যপালের এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর সমালোচনা। বহু নেটিজেনের দাবি, এমন মন্তব্য আধুনিক কর্মজীবী নারীদের ভূমিকা ও স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেখায়। বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনা শুরু হয়েছে। 

এই বিতর্কের মধ্যেই আনন্দীবেন প্যাটেলের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যমে রাজ্যপালের বক্তব্যের ভিডিও ভাগ করে নিয়ে তিনি বলেন,  “সন্তানকে লালনপালন ও যত্ন করা, নিজের হাতে খাওয়ানো নারীদের সহজাত ক্ষমতা। আলাদা করে শেখার মতো কোনও বিষয় নয়।” নিজের শৈশবের স্মৃতিচারণ করে কঙ্গনা জানান,  “আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাই ফুটবল ও ক্রিকেট খেলত। আর আমি খুব যত্ন করে পুতুলের জন্য বাড়ি বানাতাম, ওদের জামাকাপড় সেলাই করতাম এবং রান্নাও করতাম। বাড়ির সবাই মজা পেত। কারণ আমি ছোট ছোট চুলা বানিয়ে পুতুলের মা সেজে খেলতাম।”


কঙ্গনার আরও বক্তব্য, “এগুলো এমন কোনও কঠিন বিষয় নয় যা আমাদের আলাদা করে শিখতে হয়। মানবজাতিকে লালনপালনের দায়িত্ব ঈশ্বর নারীদের ওপরই অর্পণ করেছেন। এটাই আমাদের প্রকৃত স্বভাব। তাই নারীদের মা, দেবী, শক্তি, অন্নপূর্ণার মতো নানা রূপে সম্মান করা হয়। এর বাইরেও প্রিয়জনকে ভালোবাসা, তাঁদের খাওয়ানো, তাঁদের সঙ্গে আনন্দ করা এবং পরমযত্নে স্নেহের সঙ্গে লালনপালন করার মধ্যে এক অসীম আনন্দ রয়েছে। এগুলো নারীসত্তার এক অপার সৌন্দর্য।”  রাজ্যপালের মন্তব্য এবং তার জেরে কঙ্গনা রানাউতের এই প্রতিক্রিয়া এখন সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সমর্থন ও সমালোচনা— দুই পক্ষের মতামতেই সরগরম নেটদুনিয়া। 

You might also like!