Entertainment

2 hours ago

Akshay Kumar: বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব অক্ষয়, জাতীয় মঞ্চে বললেন— “উত্তর-পূর্বও সমান ভারতীয়”

Akshay Kumar
Akshay Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘চিঙ্কি’, ‘চাইনিজ’, ‘মোমো’— উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের উদ্দেশে এই ধরনের কটূক্তি নতুন কিছু নয়। কর্মসূত্রে বা পড়াশোনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে গেলে আজও অনেককে চেহারা ও শারীরিক গড়ন নিয়ে বিদ্রুপের শিকার হতে হয়। এই বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধেই এবার কড়া বার্তা দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার।

খিলাড়ি বর্তমানে ‘হুইল অফ ফরচুন’ রিয়ালিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত। সম্প্রতি সেই মঞ্চেই উত্তর-পূর্ব ভারতের এক প্রতিযোগী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। মুম্বইয়ে বসবাসকালে তাঁকে ‘করোনা ভাইরাস’ বলে কটাক্ষ করা হয়েছে, এমনকি ‘চিনা’ বলেও অপমান করা হয়েছে— এমন অভিযোগ শোনার পরই বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান নেন অক্ষয়। তিনি নিজের মেকআপ আর্টিস্ট কিমকে মঞ্চে ডাকেন, যিনি মণিপুর-এর বাসিন্দা। কিমও জানান, তাঁকেও প্রায়শই ‘চিঙ্কি’ বা ‘মোমো’ বলে ডাকা হয়। এই অভিজ্ঞতার কথা শুনে অক্ষয়ের স্পষ্ট বক্তব্য, “ওঁরা আমাদের মতোই ভারতীয়। চেহারা আলাদা হলেই কেউ ভিন্ন দেশের হয়ে যায় না।”


জাতীয় টেলিভিশনের মঞ্চ থেকে অভিনেতা আরও বলেন, উত্তর-পূর্ব ভারতের মানুষ দেশের জন্য সমানভাবে অবদান রাখেন। বিশেষ করে কার্গিল যুদ্ধের সময় সেখানকার জওয়ানদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন তিনি। তাঁর কথায়, “দেশ রক্ষায় ওঁরাও রক্ত দিয়েছেন। তাই ওঁদের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই।” পর্বটি সম্প্রচারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হওয়ার জন্য অক্ষয়ের প্রশংসা করেছেন। জাতীয় মঞ্চে এই বার্তা যে বৃহত্তর সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে, সেই আশাই করছেন অনেকে।  


You might also like!