
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে বহুচর্চিত ‘ডন ৩’ বিতর্ক এবার আইনি লড়াইয়ে নতুন মোড় সৃষ্টি হলো। অভিনেতা রণবীর সিং-এর বিরুদ্ধে জারি হওয়া তথাকথিত ‘নিষেধাজ্ঞা’কে কেন্দ্র করে আদালতের শরণাপন্ন হলেন তিনি। এর ফলে প্রযোজনা সংস্থা ও অভিনেতার মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন আরও জটিল আকার ধারণ করেছে।
সম্প্রতি ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ নীতি গ্রহণের কথা জানানো হয়। যদিও প্রথমে এটি কার্যত নিষেধাজ্ঞা হিসেবেই ব্যাখ্যা করা হয়েছিল। পরে সংগঠনের দাবি, অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে ‘ব্যান’ করা হয়নি। তবে এই পদক্ষেপ ঘিরেই বিতর্ক আরও তীব্র হয়। এর আগে প্রবীণ প্রযোজক টিপি আগরওয়াল বম্বে সিভিল কোর্টে আবেদন জানিয়ে প্রশ্ন তোলেন, কোনও বাণিজ্যিক সংগঠন বা ফিল্ম সংস্থা আইনত কোনও শিল্পীকে কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিতে পারে কি না। তাঁর দাবি, এ ধরনের সিদ্ধান্ত ব্যক্তিগত ও পেশাগত স্বাধীনতার পরিপন্থী। এবার একই ইস্যুতে আদালতের দ্বারস্থ হয়েছেন রণবীর সিংও।

বিতর্কের সূত্রপাত ‘ডন ৩’ ছবিকে কেন্দ্র করে। অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক গ্রহণের পরও ছবির কাজ থেকে সরে দাঁড়ান রণবীর। ফলে প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি-এর প্রযোজনা সংস্থা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়ে। সেই কারণেই অভিনেতার কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়। সূত্রের দাবি, বিষয়টি মেটাতে রণবীরের পক্ষ থেকে একাধিক সমঝোতার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এমনকি অগ্রিম অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য প্রকল্পে আর্থিক ছাড়ের প্রস্তাবও রাখা হয়। কিন্তু প্রযোজনা সংস্থা সেই প্রস্তাব গ্রহণ করেনি। বরং তাদের অভিযোগ, এই ঘটনার ফলে সংস্থার আর্থিক ও পেশাগত ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
ফলে ‘ডন ৩’ ঘিরে শুরু হওয়া মতবিরোধ এখন আদালতের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আগামী দিনে এই মামলার রায় শুধু রণবীর সিংয়ের ভবিষ্যৎ নয়, বলিউডে শিল্পী ও প্রযোজকদের সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

