Entertainment

1 hour ago

Elvish's KJP: ‘ককরোচ জনতা পার্টি’র পালটা! ‘খরগোশ জনতা পার্টি’ গড়ে রাজনৈতিক ব্যঙ্গ ছুড়লেন এলভিশ যাদব

Elvish Yadav Unveils Rabbit-Themed 'Khargosh Janta Party
Elvish Yadav Unveils Rabbit-Themed 'Khargosh Janta Party

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে যখন তুমুল চর্চা, তখনই রাজনৈতিক ব্যঙ্গের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস ওটিটি’ বিজয়ী এলভিশ যাদব। নতুন রাজনৈতিক দলের ঘোষণা করে ফের নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘খরগোশ জনতা পার্টি’ বা ‘কেজেপি’-র সূচনার কথা জানান এলভিশ। দলের নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ্যে আনেন প্রতীক, স্লোগান এবং একগুচ্ছ রসাত্মক নির্বাচনী প্রতিশ্রুতিও। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। দলের প্রচারপত্রে দাবি করা হয়েছে, “তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা কান এবং গাজর-নির্ভর উন্নয়ন” হবে তাদের মূল লক্ষ্য। শুধু তাই নয়, ‘গাজর’-কে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সমস্ত ‘খরগোশ’-কে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে কৌতুকের ছলে। এলভিশ আরও ঘোষণা করেছেন, দিল্লির যন্তর মন্তরের সামনে দলের সমাবেশে যোগ দিলে উপস্থিত সমর্থকদের হাতে বিনামূল্যে গাজর তুলে দেওয়া হবে। রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতিশ্রুতিকে ব্যঙ্গ করতেই এমন অভিনব প্রচারকৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।


শুধু দল ঘোষণা করেই থেমে থাকেননি ইউটিউবার। ‘খরগোশ জনতা পার্টি’র নামে পৃথক সোশ্যাল মিডিয়া পেজ খুলে নিজেকে দলের প্রতিষ্ঠাতা ও ‘প্রধানমন্ত্রী’ হিসেবেও ঘোষণা করেছেন তিনি। সেই পোস্টগুলিও ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে অনলাইনে। উল্লেখ্য, গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রচারাভিযান জনপ্রিয়তা পেয়েছে। সেই প্রবণতার মধ্যেই ‘ককরোচ জনতা পার্টি’র পালটা হিসেবে ‘খরগোশ জনতা পার্টি’ গড়ে রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচনী প্রতিশ্রুতির উপর কটাক্ষ করলেন এলভিশ যাদব। তাঁর এই নতুন উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। 

You might also like!