
মুম্বই, ২৪ সেপ্টেম্বর : রবিবার উলহাসনগর ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় কোম্পানির মালিক, ম্যানেজার এবং ট্যাঙ্কার চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার বিকেলে মহারাষ্ট্রের থানের উলহাসনগর শহরের সেঞ্চুরি কোম্পানিতে প্রচণ্ড বিস্ফোরণে ৪জন শ্রমিকের মৃত্যু হয়। ট্যাঙ্কার বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু রবিবার কোম্পানির মালিক, ম্যানেজার এবং ট্যাঙ্কার চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার উলহাসনগর এলাকায় সেঞ্চুরি রায়ান নামের একটি কোম্পানিতে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, আর একজন নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের সকলে কল্যাণের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোম্পানির মুখপাত্র মেহুল লালকা জানায়, এই ঘটনায় নিহতদের এক পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিহতের পরিবারের সদস্যদেরও ক্ষতিপূরণ দেবে কোম্পানি। এই ঘটনায় আহত ছয়জনকেই কোম্পানির পক্ষ থেকে চিকিৎসার খরচ দেওয়া হচ্ছে।উলহাসনগর বিভাগের সহকারী পুলিশ কমিশনার অমল কলি জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাটি শিল্প সুরক্ষা বিভাগের মাধ্যমেও তদন্ত করা হবে।
