
রায়পুর, ২০ ফেব্রুয়ারি : মাওবাদী হামলায় রক্তাক্ত হল ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলা। মাওবাদীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। রাজনন্দগাঁও জেলার পুলিশ সুপার অভিষেক মীনা বলেছেন, সোমবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্র সংলগ্ন রাজনন্দগাঁও জেলার বোরতালাভ থানার সীমানায়, দুই পুলিশ কর্মী মোটরবাইকে যাচ্ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলা বাহিনীর হেড কনস্টেবল রাজেশ সিং রাজপুত এবং ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর কনস্টেবল অনিল কুমার সম্রাট বোরতালাভ পুলিশ ক্যাম্প থেকে মহারাষ্ট্র সীমান্তের দিকে যাচ্ছিলেন, দু'জনের কাছে অস্ত্র ছিল না। সেই সময় একদল সশস্ত্র নকশাল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। একজন কর্মী ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। নকশালরা প্রায় ২০ রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে।
