
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গালে ভারতের জাতীয় পতাকা আঁকা (India Flag Painted On Face), সেই অবস্থাতেই পাঞ্জাবের স্বর্ণমন্দিরে (Golden Temple) ঢুকতে চেয়েছিলেন একতরুণী। কিন্তু মন্দিরে ঢোকার অনুমতিই পেলেন না তিনি! সেই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া।
কেন ওই তরুণীকে ঢুকতে দেওয়া হল না? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীকে মন্দিরের গেটে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এটা পাঞ্জাব’। অন্য এক যুবক সেই নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করেন, ‘এটা ভারত নয়?’ বারবার এই প্রশ্নের উত্তরে ওই রক্ষীকে নেতিবাচক মাথা নাড়তে দেখা গেছে।
প্রসঙ্গত, খলিস্তানের দাবি নিয়ে উত্তাল পাঞ্জাবের একাংশ। এমনকী বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননা করতেও দেখা গেছে। কিন্তু সেই রেশ এসে পড়ল স্বর্ণমন্দিরেও। গালে জাতীয় পতাকা আঁকা থাকায় মন্দিরের ভেতর ঢুকতেই দেওয়া হল না ওই তরুণীকে।
এই ঘটনা সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে মন্দির কর্তৃপক্ষ। এসজিপিসির সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়াল সংবাদসংস্থাকে জানান, ‘এটি একটি শিখ মন্দির। প্রতিটি ধর্মীয় স্থানের নিজস্ব সাজসজ্জা রয়েছে। আমরা সবাইকে স্বাগত জানাই। কেউ যদি খারাপ ব্যবহার করে থাকেন তবে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে ওই তরুণীর মুখে যেটা ছিল সেটা আমাদের জাতীয় পতাকা নয়, কারণ এতে অশোকচক্র ছিল না। এটা একটা রাজনৈতিক পতাকা হতে পারে।’
