
দেহরাদূন, ৯ অক্টোবর: উত্তরাখণ্ডের নৈনিতালে পর্য্টকবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল গভীর খাদে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও কমপক্ষে ২৮ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নৈনিতাল জেলার কালাধুঙ্গি এলাকায়। বাসের যাত্রীরা হরিয়ানার হিসার জেলার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, নৈনিতাল থেকে ফায়ার যাচ্ছিলেন পর্য্টকরা, সেই সময় কালাধুঙ্গির নালনি এলাকায় প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।
নৈনিতালের এসএসপি পি এন মীনা বলেছেন, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জন যাত্রীর, পরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, নৈনিতালের দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে ও ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
