
বেঙ্গালুরু, ৯ মে : বুধবার, ১০ মে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ কর্ণাটকে। এক দফাতেই বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে কর্ণাটকে, মোট ২,৬১৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। বিজেপির প্রার্থী সংখ্যা ২২৪, বিজেপি সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস ২২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জনতা দল (সেক্যুলার) প্রার্থী দিয়েছে ২০৭টি আসনে।
অন্যদিকে, আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী সংখ্যা ২০৯ এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির ১৩৩ জন প্রার্থী ভোটে লড়ছেন। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৩ মে, শনিবার। দক্ষিণ ভারতের এই রাজ্যে লড়াই মূলত বিজেপি, কংগ্রেস ও জেডিএস-এর মধ্যেই হবে।
কর্ণাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫,২১,৭৩,৫৭৯ জন। কর্ণাটকজুড়ে ৫৮,৫৪৫টি ভোট কেন্দ্র হবে ভোটগ্রহণ। কর্ণাটকে ২০১৮-১৯ সালের তুলনায় প্রথম বারের ভোটার সংখ্যা ৯.১৭ লক্ষ বেড়েছে। বুধবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন পরিচালনার জন্য প্রায় তিন লক্ষ ভোটকর্মী থাকছেন।
