
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঝ আকাশের বিমান মাটিতে নামানোর হুমকি দিয়েছিল সে। সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি দিয়েই বিপাকে পড়ল বারো ক্লাসের এক পড়ুয়া! গুজরাত থেকে মুম্বই পুলিশ তাকে পাকড়াও করল।
ঘটনাটি দিন কয়েক আগের। ১৮ বছর বয়সি ওই পড়ুয়া টুইট করে নিজের টুইটার অ্যাকাউন্টে। সেখানে সে লেখে, ‘আকাশাএয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স নীচে নামাব!’ টুইটটি নজরে আসতেই এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগ করা হয়।
মুম্বই পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই পড়ুয়ার বাড়ি গুজরাতে। ওই টুইটের আইপি অ্যাড্রেস ট্রেস করেই পড়ুয়ার সন্ধান পায় পুলিশ। তারপর গত ২৭ মার্চ গুজরাত থেকে গ্রেফতার করা হয় তাকে। হেফাজতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানান, জেরার মুখে ছেলেটি নিজের অপরাধের কথা স্বীকার করে। এবং কেন সে এমন টুইট করেছে সেটাও জানায়। বলেছে, বিমানের মধ্যে কী রয়েছে তা জানার ইচ্ছা ছিল তার। তাই কৌতূহলবশেই টুইট করে ফেলে। পুলিশকে এও জানিয়েছে, তার টুইটের এমন প্রতিক্রিয়া হবে তা সে বুঝতে পারেনি। কোনওরকম উত্তেজনা ছড়ানো তার উদ্দেশ্য ছিল না।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের পরীক্ষা চলছে। একদিন তাকে নিজেদের হেফাজতে রেখে, ৫ হাজার টাকা জরিমানার ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে বলেও খবর।
