
নয়াদিল্লি, ১৮ জুলাই : ধীরে ধীরে জলস্তর নামছে যমুনা নদীর। যমুনার জল নামতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দিল্লিবাসী। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ যমুনার জলস্তর নেমে ২০৫.৭১ মিটারে পৌঁছয়, যদিও তা এখনও বিপদসীমার ওপরেই। এর আগে সোমবার রাত এগারোটা নাগাদ যমুনার জলস্তর ছিল ২০৬.০১ মিটার, রাত বারোটা নাগাদ যমুনার জলস্তর ছিল ২০৫.৭৫ মিটার, আর মঙ্গলবার সকাল সাতটা নাগাদ যমুনার জলস্তর নেমে ২০৫.৭১ মিটারে পৌঁছয়।
ধীরে ধীরে জলস্তর নামলেও, ইতিমধ্যেই যমুনার জল ছুঁয়ে ফেলেছে তাজমহলের দেওয়াল। গত ৪৫ বছরে এই প্রথম বার তাজমহলের দেওয়াল ছুঁল যমুনার জল। শেষ বার ১৯৭৮ সালে নদীর জল ঢুকেছিল তাজমহল চত্বরে। প্রবল বৃষ্টি এবং যমুনার জলোচ্ছ্বাসে গত কয়েক দিন ধরেই বানভাসি দিল্লির বিভিন্ন এলাকা। যমুনার জলে ডুবে গিয়েছিল লালকেল্লার আশপাশ। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটও। এ বার সেই যমুনার জল ঢুকে পড়ল তাজমহল চত্বরে।
দশেরা ঘাট সংলগ্ন এলাকাও প্লাবিত হয়েছে। ইতিমাদ উদ দৌলার সমাধিস্থলও প্লাবিত। রামবাগ, মেহতাব বাগ, জোহরা বাগ, চিনা কা রৌজার মতো স্মৃতিস্তম্ভও জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই) তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ওই স্মৃতিস্তম্ভগুলির কোনও ক্ষতি হয়নি। তাজমহলের বেসমেন্টেও জল ঢোকেনি এখনও।
