
নয়াদিল্লি, ১৯ জুলাই : রাজধানী দিল্লিতে কখনও বাড়ছে, কখনও আবার কমছে যমুনা নদীর জলস্তর। বুধবার সকালে যমুনার জল নামতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন দিল্লিবাসী, কিন্তু সকাল ৯টার পর যমুনার জলস্তর আবারও বেড়ে যায়। পৌঁছে যায় বিপদসীমার ওপরে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের আগ্রাতেও যমুনার জলস্তর নিরন্তর বাড়ছে। তাজমহল চত্বর এখনও জলমগ্ন রয়েছে।
বুধবার সকাল ৬টা নাগাদ যমুনার জলস্তর নেমে ২০৫.২৫ মিটারে পৌঁছয়, যা বিপদসীমার নীচেই ছিল। যমুনার জলস্তর নেমে ২০৫.২৫ মিটারে পৌঁছলেও দিল্লির নানা অংশ এখনও জলের তলায়। যেমন রাজঘাট এলাকা এদিন সকালেও ছিল জলের তলায়। একই পরিস্থিতি দেখা গিয়েছে রাজধানীর অন্যত্রও। সকাল ৯টা নাগাদ ফের বিপদসীমা অতিক্রম করে যমুনার জলস্তর। পৌঁছে যায় ২০৫.৬০ মিটারে। দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, তার ওপর যমুনার জলস্তর ওঠানামা করছে, তাই খানিকটা চিন্তায় দিল্লিবাসী। তবে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশা করা হচ্ছে।
