
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার সমলিঙ্গে বিবাহ আইন মামলায় রায় ঘোষণা করতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতি দিলেও সমকামী যুগলরা সন্তান দত্তক নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ৩:২ রায় দিয়ে এদিন জানিয়ে দিয়েছে LGBTQIA সম্প্রদায়ের কোনও অবিবাহিত যুগল দত্তক নিতে পারবেন না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সঞ্জয় কৌল সমকামী যুগলদের দত্তক নেওয়ার পক্ষে রায় দিলেও বাকি তিন বিচারপতি রবীন্দ্র ভাট, হিমা কোহলি ও পি এস নরসিমহা বিপক্ষে মত দেন।
ডি ওয়াই চন্দ্রচূড়কে এদিন বলতে শোনা যায়, ”শুধুমাত্র বিবাহিত বিষমকামী দম্পতিরাই সন্তানকে স্থিতিশীলতা দিতে পারে তা প্রমাণ করার জন্য রেকর্ডে কোনও তথ্য নেই।” কিন্তু শেষপর্যন্ত ভোটাভুটিতে পিছিয়ে পড়ার ফলে সমকামী যুগলদের দত্তক নেওয়ার অধিকার দেওয়া হল না।
প্রসঙ্গত, বিপরীত লিঙ্গের বিবাহ আইনের প্রসঙ্গ টেনে এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।” আরও বলেন, “বিবাহ বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, তা সম্ভব হত না আইন না থাকলে।’’ পাশাপাশি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু আইনের ব্যাখ্যা দিতে পারে। এতএব সমলিঙ্গ বিবাহকে আইন করার বিষয়ে সরকারকেই অগ্রসর হতে হবে।
