
রায়গড়, ২৩ জুলাই: মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধস কবলিত এলাকায় রবিবার চতুর্থ দিনে পড়ল তল্লাশি ও উদ্ধারকাজ। প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও অন্যান্য উদ্ধারকারী দলের সদস্যরা। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, এখনও কমপক্ষে ৮০ জন নিখোঁজ রয়েছেন। তবে, প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখান থেকে জীবিত আর কারও উদ্ধারের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মহারাষ্ট্রের রায়গড় জেলার ইরশালবাদী নামের ছোট্ট গ্রামটির জনজীবনে বুধবার রাত থেকে কার্যত নেমে এসেছিল হাহাকার। ধসে চাপা পড়ে গ্রামের ৪৮টি বাড়ির মধ্যে ১৭টি। লাগাতার বৃষ্টিতে বিপর্যয় আরও বেড়েছে। বুধবার শেষ রাতে হঠাৎ ভূমিধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া ইরশালবাদী গ্রামে প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। যে জায়গায় ধস নেমেছিল, সেখান থেকে এখনও পর্যন্ত ২৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় শনিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে তল্লাশি স্থগিত রাখা হয়। রবিবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
