
নয়াদিল্লি, ১২ জুন : ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর প্রভাবে উত্তাল হচ্ছে সমুদ্র। সোমবারই গুজরাটের কচ্ছ, নভসারি এবং মহারাষ্ট্রের মুম্বইয়ে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। জারি করা হয়েছে সতর্কতা। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র-সহ শীর্ষ আধিকারিকরা। সামগ্রিক পরিস্থিতি ও কী কী করণীয় তা আধিকারিকদের কাছ থেকে শোনেন প্রধানমন্ত্রী। সেই মতো নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরব সাগরের বুকে দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার রাতেই ভারতের উপকূলবর্তী এলাকার বিক্ষিপ্ত অঞ্চলে বৃষ্টি হয়েছে। সঙ্গে বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়াও। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আরব সাগরের বুকে ‘বিপর্যয়’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময় তার শক্তি বৃদ্ধি করছে সেই কারণে মুম্বই এবং মহারাষ্ট্রের বিক্ষিপ্ত এলাকায় বৃষ্টিপাত হয়েছে। রবিবার সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকার কারণে মুম্বই বিমানবন্দরের একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়েছিল। সমুদ্র বন্দরগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।
