
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে লখনউ থেকে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে যাওয়ার পথে ইন্ডিগোর একটি বিমানের জরুরি অবতরণ করা হল দিল্লি বিমানবন্দরে। শনিবার রাতে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা গেলে রাজধানীর বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
১৫৫ জন যাত্রী নিয়ে লখনউ থেকে আবুধাবির পথে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি বিমান। কিন্তু মাঝ আকাশে উঠতেই ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট ঝুঁকি না নিয়ে নিকটবর্তী দিল্লি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানে ‘হাইড্রলিক ফেলিওর’ হয়েছিল। তার জেরেই যান্ত্রিক গোলমাল এবং দিল্লিতে জরুরি অবতরণ। যদিও যাত্রীরা সকলেই সুরক্ষিত। বিমানের ত্রুটি মেরামত করার পর গভীর রাতে দিল্লি থেকে আবার আবুধাবির উদ্দেশে উড়ে যায় বিমানটি বলে খবর পাওয়া যাচ্ছে।
