
কলকাতা, ৮ এপ্রিল : কলকাতা থেকে বারাণসী পর্যন্ত জল বিহারে নদী পথের বিভিন্ন স্থানে জেটি তৈরি করবে কেন্দ্রীয় সরকার। এক জেটি থেকে অন্য জেটিতে জলপথকে আরও সুগম করতে স্থানীয় স্তরে বিভিন্ন রুটের ফেরি পরিষেবাও চালু করা হবে।
শনিবার কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন জাহাজ ও জলপথ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, জলপথ পরিবহণকে মানুষের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য আলাদা তহবিলও তৈরি করা হয়েছে। জলপথের পরিকাঠামোকে আরও ঢেলে সাজাতে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র।
মন্ত্রী বলেন, মেরিন পাঠ্যক্রম একটি দীর্ঘমেয়াদী কোর্স। বাংলার ছেলেমেয়েরা এটি পড়তে তেমন আগ্রহ প্রকাশ করেন না। সারা দেশের নটি সমুদ্র সীমান্তবর্তী রাজ্যের ছেলেমেয়েদের এটি পড়তে বেশি লক্ষ্য করা যায়। এই পাঠ্যক্রম পড়লে ছেলে মেয়েদের ভবিষ্যৎ রয়েছে। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা পিছিয়ে থাকবে কেন? তাই বাংলার ছেলেমেয়েরা যাতে এই কোর্স বেশি করে আগ্রহ দেখায় তার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।
শনিবার ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির বাৎসরিক অনুষ্ঠান ছিল। ২০১৯-২০২৩ শিক্ষাবর্ষের মেরিন পাঠ্যক্রমের ২২৭ জন ছাত্রছাত্রী পাশ করেন। তাঁদের মেধা ভিত্তিক শংসাপত্র সার্টিফিকেট ও বিভিন্ন ধরনের স্মারক তুলে দেন মন্ত্রী শান্তনু ঠাকুর। অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরুর আগে ছাত্রছাত্রীরা কুচকাওয়াজের মাধ্যমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
